ডেস্ক নিউজ
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মো. নাছির উদ্দীন (৪৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানকালে নাছির উদ্দীনকে গ্রেফতারের পর তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো ও শনাক্তমতে শয়নকক্ষে থাকা স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া একই কক্ষে থাকা স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে ‘SHAKTIMAN EXPRESS MADE IN INDIA’ লেখা রয়েছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন জানিয়েছেন, তার বন্ধু মো. তৈয়ব (৪৫), বাড়ি রাউজানে, প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার হেফাজতে রেখে যান। দেশে ফিরে তৈয়ব তার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে যাওয়ার কথা ছিল।
পুলিশ জানিয়েছে, পলাতক তৈয়বকে গ্রেফতার এবং উদ্ধার করা অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় হাটহাজারী মডেল থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন