ডেস্ক নিউজ
চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কে অভিযান পরিচালনা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
অভিযানকালে ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন মেয়র।
ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা পণ্যসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে চসিকের অভিযান অব্যাহত থাকবে।
মেয়র ব্যবসায়ী ও দোকানদারদের নির্ধারিত জায়গার বাইরে মালামাল না রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার আহ্বান জানান।
একই সঙ্গে নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সিটি করপোরেশনের নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।