সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। তাই খুব শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সংস্কৃতিমন্ত্রী বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘর উদ্বোধন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
সাবেক সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন চলেছে। পাশাপাশি লাখ লাখ কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বিমা খাতকে ধ্বংস করা হয়েছে।”
বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে সংস্কৃতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
এর আগে মন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মন্তব্য করুন