ডেস্ক নিউজ
চট্টগ্রাম মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. শাহাদাত হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
এর আগে কলেজের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন মেয়র। র্যালিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ চিকিৎসক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ শুধু একটি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি চট্টগ্রামসহ দেশের মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান আশ্রয়স্থল। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান অসংখ্য দক্ষ চিকিৎসক তৈরি করেছে, যারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে চিকিৎসাসেবা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত আবেগের ও গৌরবের। একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার যে শিক্ষা ও মূল্যবোধ এখান থেকে পেয়েছি, তা আমার পেশাগত ও ব্যক্তিজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মেয়র বলেন, সময়ের সঙ্গে চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন নতুন রোগ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং রোগীদের ক্রমবর্ধমান প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা শিক্ষাকে আরও আধুনিক ও গবেষণামুখী করতে হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও রোগীবান্ধব চিকিৎসাসেবার পরিবেশ আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম বিভাগের কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। তাই উন্নত চিকিৎসার পাশাপাশি হাসপাতালের অবকাঠামো, পরিচ্ছন্নতা, রোগী ব্যবস্থাপনা ও অন্যান্য সেবার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের গৌরবময় ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের আরও দক্ষ, মানবিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন মেয়র।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে দায়িত্ব পালন করছেন এবং মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
১৯৫৭ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতি বছর দিনটি চট্টগ্রাম মেডিকেল কলেজ দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
র্যালি ও আলোচনা সভার পর চিকিৎসকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
মন্তব্য করুন