নিজস্ব সংবাদদাতা
সত্য ও ন্যায় প্রকাশের পথে নিপীড়িত ও সত্যের পক্ষে লড়াকু সাংবাদিকদের আস্থার ঠিকানা জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬, আলোচনা সভা ও সাংগঠনিক দিকনির্দেশনামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। আনন্দ ভ্রমণের পাশাপাশি আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, পারস্পরিক ঐক্য, নৈতিকতা, পেশাদারিত্ব এবং সংগঠনের ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাহীন আলম বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, আর সাংবাদিকরা সেই দর্পণের কারিগর। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক নির্যাতন, হয়রানি, মামলা-মোকদ্দমা ও নানা ধরনের চাপের শিকার হচ্ছেন।
তিনি বলেন, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি যেকোনো অন্যায়, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে আইনানুগ ও সাংগঠনিকভাবে সহযোগিতা করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
এম শাহীন আলম আরও বলেন, “আমাদের এই লড়াই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; আমাদের অবস্থান পেশাদারিত্ব, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে হবে।”
তিনি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নির্যাতিত ও বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংগঠনিক এ আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ মোল্লা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন পাটোয়ারী, ১নং যুগ্ম মহাসচিব মো. রিপন মিয়া, যুগ্ম মহাসচিব মতিন খন্দকার টিটু, সাংগঠনিক সম্পাদক হাবিব সরকার স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম মানিক, অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন সূর্য, নির্বাহী সদস্য মো. মঞ্জুর মোর্শেদ, মো. মনির হোসেন, মো. আলমগীর হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংবাদকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, দায়িত্বশীলতা এবং পেশাগত আচরণবিধি অনুসরণের আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে দ্রুত সাংগঠনিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও সচেতন ও সতর্ক থাকার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
এদিকে দুই দিনব্যাপী আয়োজনে আনন্দ ভ্রমণের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংবাদিকদের পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক মতবিনিময়ের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আনন্দঘন এ আয়োজনের সমাপ্তি ঘটে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
মন্তব্য করুন