মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, বিরামপুরের পাশাপাশি বকুলফুল উন্নয়ন সংস্থা এবং কারিতাস বাংলাদেশের দিনাজপুর অঞ্চলের এসডিডিবি প্রকল্পের যৌথ আয়োজনে দিবসটির কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ রুনা লায়লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেফাউল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন এবং বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,বকুলফুল উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নওশাদ আলী,কারিতাসের স্বেচ্ছাসেবক অঞ্জলী হাসদাসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা শুধু পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য নন; তাঁরা পরিবার ও সমাজের অভিজ্ঞতা, ইতিহাস, মূল্যবোধ ও জ্ঞানের গুরুত্বপূর্ণ ধারক। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে বিভিন্ন ক্ষেত্রে দিকনির্দেশনা দিতে পারে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সামাজিক ভূমিকা শেষ হয়ে যায়—এমন ধারণা পরিবর্তন করা জরুরি।
এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives)। বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক সহায়তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমাজের প্রচলিত ব্যবস্থাগুলোকে নতুনভাবে ভাবতে হবে।
বক্তারা আরও বলেন, প্রবীণদের প্রতি যত্ন, সম্মান ও সহমর্মিতা শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাঁদের নিয়মিত খোঁজ নেওয়া, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজনে সহযোগিতা করা এবং পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রত্যেকের দায়িত্ব।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে র্যালি ও আলোচনা সভার পাশাপাশি প্রবীণদের মধ্যে বিরামপুর বেলডাঙ্গা বকুল ফুল উন্নয়ন সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে প্রবীণদের প্রতি সম্মান ও যত্নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরা হয়।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর ১ অক্টোবরকে International Day of Older Persons হিসেবে ঘোষণা করে। ১৯৯১ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।
মন্তব্য করুন