ডেস্ক নিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ২৮০ গ্রাম ভয়াবহ মাদক কুশসহ ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি জানায়, গ্রেফতার ওই ভারতীয় ওই নাগরিক বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন সাধারণ কুলি। একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্র ভারতের নিম্নআয়ের মানুষদের ‘ভিসা ফ্রি’ সুবিধার সুযোগ নিয়ে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। এরপর তাদের মাধ্যমে বিভিন্ন পণ্যের আড়ালে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে চালান করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমান এ তথ্য জানান।গ্রেফতার ভারতীয় নাগরিক অভিজিৎ দাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ২৮০ গ্রাম কুশ ও ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়।
মো. রাজিউর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক অভিজিৎ দাসকে (৪০) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামির জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, অভিজিৎ দাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি মূলত বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন সাধারণ কুলি।
এই কর্মকর্তা বলেন, একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্র ভারতের নিম্নআয়ের মানুষদের ‘ভিসা ফ্রি’ সুবিধার সুযোগ নিয়ে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। এরপর তাদের মাধ্যমে বিভিন্ন পণ্যের (ভারতীয় শাড়ি) আড়ালে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে চালান করা হয়। এই চক্রটি বাংলাদেশে কুশের এক নতুন বাজার তৈরির অপচেষ্টা চালিয়ে আসছে।
মূল পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে ২-৩ দিন অবস্থান করে মাদকের কিছু অংশ হস্তান্তর শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল তার।গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন