ডেস্ক নিউজ
নোয়াখালীর সুধারাম মডেল থানায় দায়ের করা গ্রিল কেটে চুরির একটি চাঞ্চল্যকর মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আমির হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭ ও এসআরবি-১১ এর যৌথ আভিযানিক দল।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার কাজীর দীঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নোয়াখালীর সেনবাগ থানার গোরকাটা এলাকার মফিজুর রহমান মফিজের ছেলে আমির হোসেন (৩৩), চরজব্বর থানার চরকাজী মোখলেছ এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. হারুন ওরফে হারুন ড্রাইভার (৩৭) এবং একই থানার দক্ষিণ কচ্ছপিয়া এলাকার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে মো. নিজাম (২৯)।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সুধারাম মডেল থানার মামলা নং-৩২, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৪৫৮ ও ৩৮২ ধারার মামলার তদন্তে পাওয়া আসামিরা চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল পাহাড়তলীর কাজীর দীঘি এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার তদন্তে পাওয়া আসামি ও সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য হিসেবে উল্লেখ করা তিনজনকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন