মাহফুজ বাবু; কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভোরে হাঁটতে বের হয়ে প্রাণ হারান এই দম্পতি।
নিহত নজরুল ইসলাম দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে সকালে বাড়ি থেকে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী ঝরনা বেগম। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হরিপুর মসজিদের কাছাকাছি পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে তাঁরা সড়কের পাশে নিচে পড়ে যান।
প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। একই ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জিংলাতলীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্ত করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে।
মন্তব্য করুন