মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি
শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে বগুড়ার ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি হাসান মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, সাংবাদিক রফিকুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা এবং শিক্ষার্থী উম্মে হাবিবা, জানাতুল মাওয়া আবিদা ও জাইম তাসনিম।
বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করা ও কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা ও মেধার বিকাশে পরিবার এবং সমাজের সম্মিলিত ভূমিকার কথাও তুলে ধরেন।
মন্তব্য করুন