কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যার ঘটনায় সুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক।
শুক্রবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে সুমনকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে। তাঁকে নিয়ে পুলিশের একটি দল কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে। কুমিল্লায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানক্ষেত থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সূত্র জানায়, নিহত কিশোরী যশোর সদর উপজেলার আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা রিজিয়নে কর্মরত। তাঁরা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
মন্তব্য করুন