সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং একই গ্রামের আবদুল আউয়ালের ছেলে জোনায়েদ (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই এবং সবসময় একসঙ্গে খেলাধুলা করত বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ইমরান, জোনায়েদ ও তাদের সমবয়সী আরেক শিশু বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে না ওঠায় সঙ্গে থাকা বাইজিদ চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। পরে স্বজনদের সহায়তায় তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে।”
মন্তব্য করুন