ডেস্ক নিউজ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের হয়ে নয়, এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে নিজস্বভাবে প্রার্থী হতে পারবেন। কোনো এলাকায় একাধিক দলীয় নেতা প্রার্থী হলে উপযুক্ত একজনকে বেছে নিয়ে তার পক্ষে সাংগঠনিক ও রাজনৈতিক সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছে দলটি।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা রাজনৈতিক দল ও সাধারণ প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়িয়েছে বলে মনে করে গণঅধিকার পরিষদ। এ পরিস্থিতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা দেওয়া হবে। কোনো নির্বাচনি এলাকায় দলের একাধিক নেতা প্রার্থী হলে বিশৃঙ্খলা এড়াতে দল উপযুক্ত প্রার্থী বাছাই করে তার প্রতি সমর্থন জানাবে। তবে এই সমর্থন দলের নীতি-আদর্শ ও প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে বলে জানানো হয়।
এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ব্যক্তি গণঅধিকার পরিষদের নীতি ও আদর্শের সঙ্গে একমত হলে দলটির সমর্থিত প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। তবে তাকে গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য হতে হবে। কোনো এলাকায় দলের উপযুক্ত প্রার্থী না থাকলে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও জনবান্ধব প্রার্থীর পক্ষে দলটির নেতাকর্মীরা অবস্থান নেবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
মন্তব্য করুন