ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কফিল উদ্দিনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর দেলাওয়ার হোসেন বলেন, ‘এবারের নির্বাচনে ভোটাররা আমাকে বেছে নেবেন—এ বিষয়ে আমি আশাবাদী। নির্বাচিত হলে সর্বপ্রথম ঠাকুরগাঁওয়ের সর্বস্তরে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করব।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এ পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় রয়েছে। শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। এছাড়া জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।