মোহাম্মদ মাসুদ রানা , স্টাফ রিপোর্টার
নীলফামারীতে পুলিশের কর্তব্য পালনে বাধা প্রদান, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) জেলা পুলিশ, নীলফামারীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর বিকেল ৩টার দিকে ডিমলা থানার একটি মাদক মামলার আসামি সুজন ইসলামকে আদালতে সোপর্দ করার জন্য জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে একদল লোক বেআইনিভাবে সমবেত হয়ে আসামি বহনকারী পুলিশের দলের পথরোধ করে। তারা সুজন ইসলামকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের কর্তব্য পালনে বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং তাঁদের ওপর আক্রমণের ঘটনাও ঘটে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় প্রথমে ২০ জনকে আটক করা হয়। তাঁদেরসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৮, তারিখ ৩ অক্টোবর ২০২৬। এতে দণ্ডবিধির ১৪৩/৩৪১/১৮৬/৩৫৩/১২০-খ/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পরে ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশে ৪ অক্টোবর দিবাগত রাত ১টা ৫ মিনিট থেকে রাত ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ডিমলা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে এ ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেলা পুলিশ, নীলফামারী।
মন্তব্য করুন