সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদ।
সোমবার (১৭ আগষ্ট) কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা কুষ্টিয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন, “আমাদের স্পষ্ট বার্তা—সন্ত্রাস, হামলা ও দখলদারিত্বের রাজনীতি চলবে না। ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে—ছাত্র অধিকার পরিষদ সবসময় রাজপথে থাকবে।”
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থানকে আরও সুস্পষ্ট করেছে বলে মনে করেন সংগঠনের নেতারা।
ছাত্র অধিকার পরিষদের নেতারা জানান, দেশের যেকোনো প্রান্তে গণতান্ত্রিক অধিকার হরণ, হামলা-মামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলে তারা রাজপথে থেকে প্রতিবাদ জানাবেন। একইসাথে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মন্তব্য করুন