ডেস্ক নিউজ
আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সাউথ এশিয়ান ফেডারেশন এসএএফ গেমসে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী বছর এপ্রিলের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে এই আসর। এই আসরের মাধ্যমে ২৩ বছর পর দেশটিতে ফিরতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ জানিয়েছেন, দক্ষিণ এশিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গেমসে অংশ নিতে আমন্ত্রণ পাওয়ার পর তারা সম্মতি জানিয়েছে।
খালিদ মাহমুদের জানান, আঞ্চলিক ক্রীড়া পর্যায়ে ভারত নীতিগতভাবে অংশগ্রহণে সম্মতি দিয়েছে। তাদের প্রতিনিধি দলের বিস্তারিত ২০২৭ সালের জানুয়ারিতে জানানো হবে।
এদিকে গেমস আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে আয়োজনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে।
আন্তর্জাতিক মানের ভেন্যু, নিরাপত্তা, যাতায়াত, আবাসন, চিকিৎসাসেবা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
২০২৭ সাফ গেমসে মোট ২৮টি খেলায় প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে। ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে।
এর আগে, সর্বশেষ ২০০৪ সালে সাফ গেমস আয়োজন করেছিল পাকিস্তান। ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল নবম আসর। ফলে ২০২৭ সালের আসর দিয়ে দুই দশকেরও বেশি সময় পর আবারও এই আঞ্চলিক বহু-ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক হতে যাচ্ছে দেশটি।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার