ডেস্ক নিউজ
ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ অ্যাসেট হিসেবে বর্ণনা করলেন কোচ হোসে মরিনহো। যে কারণে তিনি জানিয়ে দিলেন, এনদ্রিককে নিয়ে দলবদলের বাজারে যতই আগ্রহ থাকুক, চলতি মৌসুমে তাকে ছাড়ছে না রিয়াল মাদ্রিদ।
লিভারপুল ও অ্যাস্টন ভিলাসহ বেশ কয়েকটি ক্লাব ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখালেও রিয়ালের পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই থাকছেন।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ফ্রান্সের ক্লাব লিঁওতে ধারে খেলেছিলেন এনদ্রিক। সেখানে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর চলতি গ্রীষ্মে আবার মাদ্রিদে ফেরেন ব্রাজিলের এই তরুণ তারকা।
ফেরার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। নিয়মিত খেলার সুযোগ নিশ্চিত করতে তাকে আবার ধারে পাঠানো হতে পারে, এমন গুঞ্জনও ছিল। কিন্তু মরিনহো স্পষ্ট করে দিয়েছেন, এনদ্রিককে এবার কোথাও পাঠানোর পরিকল্পনা তার নেই।
এনদ্রিককে নিয়ে বিভিন্ন ক্লাবের আগ্রহের কথা স্বীকার করেছেন মরিনহো নিজেই। ‘সে এমন একজন খেলোয়াড়, যাকে আমি অনেক পছন্দ করি। অনেক ক্লাবই তার সঙ্গে যোগাযোগ করেছে- তারা তাকে ধারে নিতে চেয়েছে কিংবা স্থায়ীভাবে দলে নিতে চেয়েছে,’ বলেছেন পর্তুগিজ কোচ।
তবে কোনো প্রস্তাবই মরিনহোর পরিকল্পনা বদলাতে পারেনি। ‘আমি তাকে ধারে দিতে বা বিক্রি করতে চাইনি। কারণ আমি খেলোয়াড়টিকে পছন্দ করি এবং এই তরুণ খেলোয়াড়টির সঙ্গে কাজ করতে চাই। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রতিভা আছে,’ বলেন তিনি। অর্থাৎ, দলবদলের বাজারে এন্দ্রিকের চাহিদা থাকলেও রিয়ালের পক্ষ থেকে তার জন্য দরজা বন্ধ।
রিয়ালে ফেরার পর প্রাক-মৌসুম প্রস্তুতিতেও নিজের উপস্থিতির জানান দিয়েছেন এনদ্রিক। ফিওরেন্তিনার বিপক্ষে ২-২ গোলের এক প্রীতি ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছিলেন তিনি। ব্রাজিলের হয়ে সাম্প্রতিক বিশ্বকাপেও অংশ নিয়েছেন এই ফরোয়ার্ড। ফলে আন্তর্জাতিক পর্যায়েও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা তৈরি হয়েছে তাঁর।
মরিনহোর বিশ্বাস, চলতি মৌসুমে এন্দ্রিক রিয়ালের জন্য কার্যকর একজন খেলোয়াড় হতে পারবেন। বিশেষ করে তার বয়স, গতি ও গোল করার সামর্থ্যকে দলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছেন কোচ।
তবে মৌসুমের শুরুতেই শারীরিক সমস্যায় পড়েছেন এনদ্রিক। বর্তমানে তিনি পেশির চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। মরিনহোর ভাষায়, হ্যামস্ট্রিংয়ের কাছে পেশিতে হালকা টেন্ডোনাইটিস হয়েছে তার। ‘পেশিতে সামান্য টেন্ডোনাইটিস আছে। বড় সমস্যা হওয়ার আগেই এটি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়,’ বলেছেন মরিনহো।
চোটের কারণে আগামী ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার