সোহেল রানা মিলন, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদরের আঞ্চলিক সড়কে ট্রাক চাপায় সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছে।
শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজি চালক আশিক আহমেদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুর হাওলদার ও তার ছেলে বিষ্ণ হাওলদার ভদ্রঘাট বাজার থেকে একটি সিএনজি নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। আঞ্চলিক সড়কের বহুতি বটতলা নামক স্থানে পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাক সিএনজিকে পেছনে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক ও যাত্রী ঠাকুর হাওলদার নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় বিষ্ণ হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা মরদেহ দুটি নিয়ে গেছে। তবে এ ঘটনায় নিহত যাত্রী ঠাকুর হাওলাদারের ছেলে বিষ্ণ হাওলাদার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে ঘাতক ট্রাকটি আটকের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।