সাজিদ রুবেল , সোনাইমুড়ি নোয়াখালীর প্রতিনিধি
গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নোয়াখালীর সোনাইমুড়ীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (২ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা সভাপতি মো: মুজাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল মতিন,নোয়াখালী জেলার সাবেক নয়াবে আমির মাওলানা হিফজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা। দেশের গণতান্ত্রিক পরিবেশ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।
উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ তাঁর বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিও তুলে ধরেন।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন বলেন, দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানান তিনি।
ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম তরুণ সমাজকে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হওয়ার কথা বলেন তিনি।
পৌর জামায়াতের আমির আব্দুল মতিন গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জামায়াত নেতা হিমজুর রহমানও সমাবেশে বক্তব্য দেন। তিনি জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকেরা অংশ নেন। কর্মসূচিকে ঘিরে সোনাইমুড়ী বাইপাস চত্বরে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।
আয়োজকরা জানান, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার