মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর থানাধীন পলাশবাড়ি রেলগুমটি সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আঞ্জুয়ারা বেগম (৬৫)।
শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে নীলসাগর ট্রেনটি চিলাহাটি যাওয়ার পথে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজিয়েট স্কুল পাড়া এলাকার বাসিন্দা আঞ্জুয়ারা বেগম প্রতিদিনের মতো রেললাইনের পাশের নিজ জমিতে শাকসবজি আনতে গিয়েছিলেন। সেই সময় অসতর্কভাবে রেললাইনের কাছে অবস্থান করায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পলাশবাড়ি রেলগুমটি থেকে প্রায় ৩০০ গজ উত্তরে, রেল কিলোমিটার ৩৪৮/১ সংলগ্ন এলাকায় অবস্থিত।
খবর পেয়ে হিলি পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর তাজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন-কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেললাইনের পাশে চলাচল ও কাজ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের গুরুত্ব আবারও সামনে নিয়ে এসেছে। রেললাইনের আশপাশে অযথা অবস্থান, হেডফোন ব্যবহার, কিংবা ট্রেনের গতিবেগ সম্পর্কে ভুল ধারণা এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার