ডেস্ক নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সহধর্মিণীদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান তিনি।
নিউইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প তার নতুন বৈশ্বিক শিশু কল্যাণ উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরেন।
অনুষ্ঠানে জুবাইদা রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন মেলানিয়া ট্রাম্প। পরে হোয়াইট হাউস থেকে তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়।
বৈঠকে শিশুদের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মেলানিয়া। তিনি বলেন, সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়তে শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি। বিশ্বের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিশুদের সম্ভাবনা বিকাশে ফার্স্ট লেডিদের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।
শিশু কল্যাণে বৈশ্বিক এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে এবং এর বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিতে বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের প্রতি আহ্বান জানান মেলানিয়া ট্রাম্প।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার