ডেস্ক নিউজ
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এসময় ছিনতাইকারীদের কবল থেকে অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করা হয়।
ট্রাফিক পল্লবী থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল এলাকায় মেট্রোরেল পিলার নম্বর-২২২-এর কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের একজন পুলিশ সদস্য। এসময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর চিৎকার করে সাহায্য চান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অটোরিকশাটির কাছে গিয়ে পুলিশ সদস্য মোহাম্মদ রাব্বিকে আটক করেন। এসময় তার সঙ্গে থাকা আরও তিনজন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক রাব্বিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য তিন ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার