ডেস্ক নিউজ
ছয় ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত। আর তাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি থেমে গেলেও রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অনেক সড়ক থেকে নামেনি পানি। কোথাও হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে সড়ক, কোথাও ধীরগতিতে চলছে যানবাহন।
জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জলাবদ্ধতার পানি ঢুকে পড়েছে বিভিন্ন মার্কেটেও। এতে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বেচাকেনা ব্যাহত হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে একদিকে যেমন ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, অন্যদিকে দোকানের কর্মচারীদের বেতনসহ অন্যান্য দৈনন্দিন খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
রোববার দুপুরে রাজধানীর লালবাগ, ধানমন্ডি, নিউমার্কেট, রমনা, হাতিরঝিল ও তেজগাঁও এলাকার বিভিন্ন সড়ক সরেজমিন ঘুরে জলাবদ্ধতার এমন চিত্র দেখা গেছে
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার