প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬, ১২:৪৭ পি.এম
বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার
মাহফুজ বাবু, কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জুমা নামাজের পর কুমিল্লা মহানগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজবাড়ি থেকে কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে কুমিল্লার ডিবি পুলিশ।
বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন,কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম। পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন) ২০১৬ সালের ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহেরের কাছে মাত্র ৪৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। ওই নির্বাচনে আবু তাহের ১,২৮১ ভোট পেয়ে বিজয়ী হন এবং সাজ্জাদ হোসেন ১,২৩৩ ভোট পেয়ে পরাজিত হন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার