ডেস্ক নিউজ
রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন এলাকায় বাসযাত্রীর চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল ইসলাম।সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে গুলশান ট্রাফিক জোনে এ ঘটনা ঘটে।
সার্জেন্ট নাজমুল ইসলাম জানান, দায়িত্ব পালনকালে একটি বিআরটিসি বাস থেকে শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে এক ব্যক্তিকে বাস থেকে নামার সময় এক যাত্রীর মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়।
পরে ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করা হয়। এসময় আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজিত জনতা মারধর ও মব সৃষ্টির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী সাজেদুর রহমান পান্না (৩৩) তার চুরি হওয়া মোবাইল ফোনটি শনাক্ত করেন। পরে ফোনটি তাকে বুঝিয়ে দেয় পুলিশ।আটক ব্যক্তির নাম হৃদয় মাহমুদ (৪৩)। তিনি টঙ্গীর মধুমিতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হৃদয় মাহমুদকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার