ডেস্ক নিউজ
চট্টগ্রামের আনোয়ারায় কবরস্থানের পাশ থেকে দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত দিল মোহাম্মদ কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারার উত্তর বন্দর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ৩টার দিকে বাসা থেকে বের হন দিল মোহাম্মদ। এরপর আর তিনি বাসায় ফেরেননি। সকালে কবরস্থানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
বৈরাগ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রুবি আক্তার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, দিল মোহাম্মদ বিভিন্ন সময় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা আছে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি রাজমিস্ত্রিসহ বিভিন্ন ধরনের কাজ করতেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার