ডেস্ক নিউজ
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও, শুধু উৎপাদন ব্যয় দিয়ে পুরো প্রকল্পটির মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমানোর সুফলও এর সঙ্গে যুক্ত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রকল্পের ব্যয় নিয়ে চলা সমালোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমিনবাজার থেকে ৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়া একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হওয়ায় সেখানে যে কেউ মতামত দিতে পারেন। তবে সচেতন নাগরিক হিসেবে কোনো বিষয়ে লেখার আগে গুগল, ইউটিউব বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিয়ে একটু গবেষণা করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেশি মনে হলেও এর বহুমুখী সুফল রয়েছে উল্লেখ করে নুরুল হক নুর বলেন, বর্জ্য বায়ুদূষণের মাধ্যমে মানবদেহের যে মারাত্মক ক্ষতি করে, তার আর্থিক ক্ষতি কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায়। সেই ক্ষতি রোধ করে বর্জ্যকে বিদ্যুতে রূপান্তর করা অত্যন্ত ইতিবাচক একটি অর্জন। এখানে খরচ যেমন আছে, তেমনি পরিবেশগত ও স্বাস্থ্যগত বড় উপকারিতাও রয়েছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে লুটপাট বা ক্যাপাসিটি চার্জের যে সংস্কৃতি ছিল, এই প্রকল্পের সঙ্গে তার কোনো তুলনাই চলে না।
এর আগে প্রতিমন্ত্রী পটুয়াখালী ইপিজেড প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের কাজের অগ্রগতি ও বাস্তবায়নের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার