সাব্বির হোসাইন,
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার বরুড়া উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজীর দাশপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় প্লাস্টিকের বোতলে থাকা ফেনসিডিলের ১৭টি বস্তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বোতলগুলো আংশিকভাবে মাটিচাপা অবস্থায় রাখা ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, মাদকগুলো গোপনে সংরক্ষণ করা হয়েছিল।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, “উদ্ধারকৃত ফেনসিডিলের সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে বরুড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার