
সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে বরুড়া বাজারের "সুপারস্টার হোটেল" নামের একটি খাবারের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দেখা যায়, দোকানের ভেতরে ময়লা-আবর্জনা, তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ দোকান মালিককে সতর্ক করে বলেন, জনস্বাস্থ্য নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। হোটেল কর্তৃপক্ষকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে পরিচ্ছন্নতা বজায় রাখাসহ ক্রেতাদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
ভবিষ্যতে এমন অপরাধ পাওয়া গেলে প্রতিষ্ঠান সিলগালা করাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
অভিযানে উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার