সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফেরাতে কুমিল্লার বরুড়ার পয়ালগাছা ডিগ্রি কলেজে স্মার্টফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এর আগে বুধবার কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কলেজে স্মার্টফোন না আনার নির্দেশ দেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের পেছনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বড় কারণ হিসেবে সামনে এসেছে। এ বছর পয়ালগাছা ডিগ্রি কলেজ থেকে ২৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৫৫ জন। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭১ শতাংশে। পাসের হারের দিক থেকে বরুড়া উপজেলার ১০টি কলেজের মধ্যে পয়ালগাছা ডিগ্রি কলেজের অবস্থান অষ্টম।
ফলাফলের এমন নিম্নমুখী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে উপস্থিতি ও একাডেমিক শৃঙ্খলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারের আদেশক্রমে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন ও ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
এ অবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন আনয়ন নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে পয়ালগাছা ডিগ্রি কলেজেও শিক্ষার্থীদের স্মার্টফোন বহন নিষিদ্ধ করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ বলছে, শ্রেণিকক্ষে স্মার্টফোনের ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রতি আসক্তি বাড়ায়। তাই নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং শ্রেণিকেন্দ্রিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত।
একইসাথে শিক্ষার্থীদের কলেজে আসার সময় নির্ধারিত ইউনিফর্ম ও কলেজের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার বিষয়েও শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে পয়ালগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, "এটা সরকারি সিদ্ধান্ত। আমাদের আগে থেকেই এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। আজ নোটিশ দেওয়া হলো। ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ মোবাইল ব্যবহার। এটা একটা বাজে নেশা। এটার জন্য আমাদের ওপর থেকে চিঠি এসেছে।"
কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক ও সচেতন নাগরিক। তাদের মতে, শিক্ষার্থীদের হাতে স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যায়ে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ প্রয়োজন।
তবে স্মার্টফোন নিষিদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত ক্লাস ও পরীক্ষার প্রস্তুতির দিকে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার