প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৪:৩৭ পি.এম
প্রথমবারের মত দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি :
দেশীয় বীজ থেকে প্রাকৃতিক শীতল পরিবেশে বাংলাদেশে প্রথমবারের মত বাটন মাশরুম উৎপাদিত হয়েছে। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশন ও বাহারী এগ্রোটেকের যৌথ উদ্যোগে দেশেই বীজ, কম্পোস্ট এবং প্রাকৃতিক পরিবেশে বাটন মাশরুম উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ নিজপাড়া গ্রামে নিজস্ব খামারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম।
সংবাদ সম্মেলনে বীজ উৎপাদন, কম্পোস্ট সার তৈরী, বাটন মাশরুম চাষ পদ্ধতি ও পুষ্টিগুণ, বাজারের চাহিদা এবং বাজারজাতকরণের বিষয়ে অবহিত করা হয়। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম আরো জানান, আমরা নিজেদের উদ্যোগে বাটন মাশরুমের বীজ তৈরী করার জন্য ল্যাবরেটরী তেরীর উদ্যোগ গ্রহণ করি। পরবর্তীতে কম্পোস্ট তেরীর মাধ্যমে ছোট পরিসরে বাটন মাশরুম চাষ করে সফল হই। এ কাজের বিভিন্ন ধাপে কি কি প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তার বিস্তারিত দিক তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক মাশরুমের পুষ্টিমান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবগত করেন। তিনি জানান, প্রতি ১০০ গ্রাম কাঁচা মাশরুমে রয়েছে প্রায় ২.৭৫ গ্রাম প্রোটিন, ২.৫ গ্রাম শর্করা, ০.৫ গ্রাম চর্বিসহ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন বি-কমপ্লেক্স ও অন্যান্য মিনারেল। দৈনিক খাদ্য তালিকায় এই মাশরুম থাকলে দেহের বৃদ্ধি, গঠন ও রোগ প্রতিরোধ এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করার পাশাপাশি এন্টি ডায়াবেটিক, এন্টি ক্যান্সার, এন্টি হাইপারটেশন ও এন্টি ইনফ্লামেশন হিসেবে কার্যকর ভূমিকা পালন করে থাকে।
সংবাদ সম্মেলনে বাহারী এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান জানান, প্রতিবছর ভারত ও থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাটন মাশরুম ও বীজ আমদানি করা হয়।যার মূল্যমান শত কোটি টাকার বেশি। অথচ দেশীয় কাঁচামাল দিয়ে চাষকৃত মাশরুম দেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাহারি এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও প্রকৌশলী মোঃ ফাহিম রহমান, গবেষক মোঃ সালাউদ্দিন, মোঃ মিম ইসলাম, মোঃ জিম ইসলাম ও আকতার কবির কানন উপস্থিত ছিলেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার