মোঃ হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. বেলায়েত হোসেনের চেয়ে ২৭ হাজার ৩৫৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ১৫৫টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে মো. ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭১০ ভোট। এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকে পড়েছে ১ হাজার ৯৩২ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে ৫ হাজার ৭৪৩ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, পোস্টাল ব্যালটসহ মোট ১৫৬টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৮৫২ জন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার