মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।প্যারেডে কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট আটটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করে। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার।
প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্নআউটের ওপর ভিত্তি করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলসের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময় পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।মাস্টার প্যারেডে দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার