প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৩:৪১ পি.এম
ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা
কুমিল্লা প্রতিনিধি:
ঢাকা-কুমিল্লা মহাসড়কের ওপর ক্রমবর্ধমান যানবাহনের চাপ কমানো এবং কুমিল্লার পরিকল্পিত নগরায়ণ ও শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে বিকল্প প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট এবং কোটবাড়ীতে AHK স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটি গড়ে তোলার ধারণাপত্র নিয়ে ভিজ্যুয়াল উপস্থাপনা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লার কুলিয়া টাউন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাবি-র।
সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। তিনি ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড়কের সম্ভাব্য এলাইনমেন্ট এবং কোটবাড়ীকে কেন্দ্র করে স্যাটেলাইট সিটি-এডুকেশন সিটি গড়ে তোলার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
আয়োজকদের মতে, কুমিল্লার দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন, যানজট নিরসন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষা ও গবেষণাকেন্দ্রিক পরিকল্পিত নগর গড়ে তোলার ক্ষেত্রে এসব প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে কোটবাড়ী এলাকায় শিক্ষা ও ঐতিহ্যের পাশাপাশি আধুনিক নগর সুবিধা সমন্বিত করে একটি পরিকল্পিত স্যাটেলাইট সিটি গড়ে তোলা গেলে কুমিল্লার নগর সম্প্রসারণের চাপ কমানোর পাশাপাশি নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সেমিনারে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার