ডেস্ক নিউজ
ঢাকায় আজ সকাল থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি জানান, চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকা বিভাগের দিকে ধীরগতিতে অগ্রসর হচ্ছে একটি বজ্রঝড়। বর্তমানে এটি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে।তার পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঝড়টি নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রম করতে পারে।
তিনি আরও জানান, ঢাকায় বৃষ্টিপাত ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের সকালেই জলাবদ্ধতা ও তীব্র যানজটের মুখে পড়তে হতে পারে।
এ কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বজ্রঝড়ের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার