জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ‘ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়’ অনুষ্ঠান সম্পন্ন।
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মরণে এবং আহতদের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে মৌলভীবাজারে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে হৃদয়গ্রাহী এ আয়োজনে জেলার আহত যোদ্ধাদের এক আবেগঘন মিলনমেলা তৈরি হয়। অনুষ্ঠানটি ঘিরে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি বাস্তবতা ও ভবিষ্যৎ সংগ্রামের দিক নির্দেশনামূলক আলোচনা হয়।
অনুষ্ঠানে আহতদের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।
আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি- এসব বিষয়ে সকলে একযোগে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবাই ঈদের শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করেন এবং শহীদ ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'ওয়ারিয়র্স অব জুলাই - মৌলভীবাজার' জেলা কমিটির আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন বাবলু, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম ফেরদাউস, মুখ্য সংগঠক মোজাম্মিল আহমেদ লিকন, মুখপাত্র নাজমিন বেগম, যুগ্ম সদস্য সচিব জমির মিয়া (রাফাত) ও ইমন হোসেন, সংগঠক নাইম আহমদ রাফি এবং জুয়েল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য কাউসার আহমদ শাকিল, ওয়াদুদ ফারুক, আবুল হোসেন, সায়েম তালুকদার, মোঃ ইমন মিয়া এবং অন্যান্য সদস্যবৃন্দ, যাদের মধ্যে ছিলেন রায়হান আহমদ, ইমন, কাশেম, খালেদ, জহির, বাপ্পি, সুয়েব, তোফায়েল শরিফ, রিজিয়া আক্তার, শামিমা আক্তার, হোসনে আরা, লিটন ও ইমরান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে আহত অসংখ্য যোদ্ধা, যারা তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তুলে ধরেন।
‘ঈদের মিলনমেলায় যেমন ছিল হৃদয়ের উষ্ণতা, তেমনি ছিল প্রত্যয়—আহতদের পাশে থাকার এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করার।’
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার