ডেস্ক নিউজ
ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি লেখেন, ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাটাক শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।
তিনি আরও লেখেন, বিরোধীদলের সব এমপিরা দাঁড়িয়ে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দেবেন না! কিন্তু সরকারি দলের এমপিরা বেশ ভদ্রতা দেখাচ্ছেন। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হইচই কিংবা পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। কিন্তু বিএনপি ক্ষমতায় আছে, সুতরাং বিএনপিকে দায়িত্বশীল হতেই হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লেগেছে! সুতরাং সংসদে আরও যারা বিএনপির এমপি আছে, তারাও যদি জনাব সালাউদ্দিন আহমদের মতো বলা শুরু করেন, তবে বিরোধীদলের এমপিরা বলা শুরু করবে-ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না! এজন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এদের আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক।
শেষে তিনি লেখেন, শুনতে ভালো লাগবে না, তারপরও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে.... তারা তো এখনো আপনার ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারে নি যে, আপনার সঙ্গে হাল্কা যুক্তি দিতে তর্ক করতে পারবে!
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার