
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর পান ব্যবসায়ী নয়ন হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার চৌদ্দগ্রাম মডেল থানায় নয়নের সহধর্মিণী তাছলিমা আক্তারের দায়ের করা হত্যা মামলায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নয়নের পাশ্ববর্তী বাড়ির নাসির আহমেদ চৌধুরীর ছেলে নুরুল আমিন চৌধুরী প্রকাশ সোহেল, খোরশেদ আলম চৌধুরী প্রকাশ টিটু।
বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসাইন বলেন, ‘আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা রাস্তার মাথার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের আনোয়ার হোসেন নয়ন (৩৫) এর উপর হামলা করে দুর্বৃত্তরা।
তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
একই রাতে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়। বুধবার (০৬ মে) নয়নের সহ-ধর্মিণী তাছলিমা আক্তার বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার