প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬, ১২:৪৯ পি.এম
কুমিল্লা শাসনগাছা-বুড়িচং সড়কে ডাকাতি! নিরাপত্তা জোরদারের দাবী
মাহফুজ বাবু, কুমিল্লা
কুমিল্লার শাসনগাছা- বুড়িচং সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে চালকের তাৎক্ষনিক তৎপরতায় ডাকাতির কবল থেকে রক্ষা পেয়েছেন গাড়িটির প্রবাসী যাত্রী ও তাদের মালামাল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোমতী নদীর পালপাড়া ব্রিজ পার হয়ে বুড়িচং-মীরপুর সড়কের আছিয়াগণি স্কুলের সামনে ও পল্লী বিদ্যুৎ সংলগ্নে সড়কের ওপর গাছ ফেলে রাখে একদল ডাকাত। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সড়কের পাশে ঘাপটি মেরে গাড়ি থামানোর অপেক্ষায় ছিল।
এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী যাত্রীদের নিয়ে একটি হাইএইচ গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে চালকের সন্দেহ হয়। তিনি দ্রুত গাড়িটি পেছনে নিয়ে সেখান থেকে চলে আসেন পালপাড়া চৌরাস্তায়। এতে ডাকাতদের কবলে পড়া থেকে গাড়ির যাত্রী ও তাদের সঙ্গে থাকা মালামাল রক্ষা পায়। তবে গাড়িটির গ্লাস ক্ষতিগ্রস্ত হয় ও চালক আহত হন।
ডাকাতের এ ঘটনার সিসি টিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর সড়কে চলাচলকারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শাসনগাছা থেকে পালপাড়ার বুড়িচং কোতয়ালী সীমান্ত পর্যন্ত এলাকায় প্রায় রাতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। গোমতী বাঁধ সহ এই গুরুত্বপূর্ণ সড়কটিতে রাতে পর্যাপ্ত পুলিশ টহল ও নিরাপত্তা জোরদার করা জরুরী। ডাকাতি চেষ্টার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার