সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলায় বৃষ্টির পানিতে ঢাকা সড়কের গর্তে ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে উল্টে গিয়ে রমজান হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কংশনগর পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাহেবাবাদ বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য মতে, টানা বৃষ্টির কারণে কংশনগর পূর্ব বাজার এলাকার সড়কে পানি জমে যায়। এতে সড়কের ভাঙাচোরা অংশের গর্তগুলো পানির নিচে ঢেকে পড়ে। এ অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ওই সড়ক দিয়ে চলাচলের সময় বড় একটি গর্তে পড়ে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রমজান হোসেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আলী আজম বলেন, "আমি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছি। এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।"
এ ঘটনায় এলাকাবাসী সড়কের বেহাল দশা ও বৃষ্টির পানিতে গর্ত ঢেকে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ করেছেন। দ্রুত সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার