
মনির হোসেন:
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে স্থানীয় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, রমজানে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, সে জন্য গোয়েন্দা নজরদারি ও বাজার তদারকি জোরদার করা হবে। বিশেষ করে ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় জানানো হয় ,শহরের গুরুত্বপূর্ণ বিপণিবিতান ও বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট এবং টহল বৃদ্ধি করা হবে।ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে পুলিশি নজরদারি বাড়ানো হবে।
মতবিনিময় সভায় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আশ্বস্ত করেন যে, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত মূল্য আদায় রোধে তারা পুলিশকে পূর্ণ সহযোগিতা করবেন। এছাড়াও প্রতিটি বড় শপিং মলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা সচল রাখার বিষয়েও একমত পোষণ করেন ব্যবসায়ী নেতারা।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, "কুমিল্লার মানুষকে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক রমজান এবং আনন্দময় ঈদ উপহার দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জনস্বার্থে পুলিশের এই অভিযান ও তদারকি মাসব্যাপী অব্যাহত থাকবে।"সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার