ডেস্ক নিউজ
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার মুখোমুখি হওয়া দুই আইনজীবীর মামলার শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর ধার্য করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে ট্রাইব্যুনালের একজন বিচারক অসুস্থ থাকায় শুনানির তারিখ পিছিয়ে নতুন দিন ধার্য করা হয়।
ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান জানান, আগামী ২৬ অক্টোবর ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ের শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানি স্থগিতের সময় ট্রাইব্যুনাল অভিযুক্ত আইনজীবীদের উদ্দেশে বলেন, আদালত অবমাননার মামলা আপনারা অর্জন করেছেন, ২৬ অক্টোবর আপনাদের আসতেই হবে।
এর আগে সকাল ১০টার কিছু পরে অভিযুক্ত দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার নোটিশের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হন।
আওয়ামী লীগপন্থি এই দুই আইনজীবী জানিয়েছেন, পরবর্তী শুনানির দিনে তারা ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন।
গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। এই রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে পরদিন ১৬ সেপ্টেম্বর ওই দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার