সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
আর্জেন্টিনা বনাম মিসরের ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১টার দিকে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুষ্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি একজন মিশুকচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ধনপুর এলাকার একটি চায়ের দোকানে বসে স্থানীয়রা আর্জেন্টিনা বনাম মিসরের ফুটবল ম্যাচ দেখছিলেন। খেলায় আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি পেনাল্টি মিস করলে উপস্থিত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্থানীয় বাবু ও মাইন উদ্দিন নামে দুই যুবক শরিফুলের মাথায় গুরুতর আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কান্তি দাস বলেন, "ফুটবল ম্যাচ দেখা নিয়ে উত্তেজনার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।"
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় অভ্যন্তরীণ আঘাতেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত বাবু ও মাইন উদ্দিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শরিফুলের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার